logo
ads
২৭ এপ্রিল, ২০২৬

প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে: স্থানীয় সরকার মন্ত্রী

অনলাইন ডেস্ক

 প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে: স্থানীয় সরকার মন্ত্রী

16px

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জহিরুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উপস্থাপিত হয়।

মন্ত্রী জানান, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে। তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক শাসনব্যবস্থা জোরদার করতে সরকার কাজ করছে। প্রশাসনিক সংস্কার ও আইনি জটিলতা নিরসন করে স্বচ্ছ প্রক্রিয়ায় এই নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের।

অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জননিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে সব পর্যায়ের নির্বাচন দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের প্রেক্ষিতে তিনি স্পষ্ট করেন যে, জনগণের সরাসরি অংশগ্রহণে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় প্রশাসন পরিচালনার লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে সম্পন্ন করতে ১০ মাস থেকে এক বছর সময় প্রয়োজন হয় বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী  মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

জাতীয় সংসদে শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ভোটার তালিকা প্রস্তুত, ভোটের সামগ্রী সংগ্রহ, ধর্মীয় উৎসব, পাবলিক পরীক্ষা ও আবহাওয়া বিবেচনা করে তফসিল ঘোষণা করা হয়, যার প্রাক-প্রস্তুতি হিসেবে ন্যূনতম ৪৫ দিন সময় প্রয়োজন।

পাশাপাশি, দেড় লাখ ইভিএম কেনার লক্ষ্যে ৩ হাজার ৮২৫ কোটি ৩৪ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে জুলাই ২০১৮ থেকে জুন ২০২৪ মেয়াদে একটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলে সংসদকে অবহিত করেন তিনি।

নির্বাচন কমিশনের ইভিএম প্রকল্পের অডিট ও তদন্ত নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে ক্রয়কৃত এই প্রকল্পের সমাপ্তি প্রতিবেদন এক বছর আগে জমা দিলেও এখনো মূল্যায়ন প্রতিবেদন মেলেনি। এছাড়া অডিট অধিদপ্তরের তোলা আপত্তি এখনও নিষ্পত্তি হয়নি এবং বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রকল্পটির বিষয়ে তদন্ত করছে।

মন্ত্রী জানান, জাতীয় ও স্থানীয় নির্বাচনে আর ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বর্তমানে মেশিনগুলো বিএমটিএফ ও সচিবালয়ের বেজমেন্টসহ বিভিন্ন গোডাউনে সংরক্ষিত রয়েছে।

ads

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads